Center For Research In Indo

বর্তমান বাংলাদেশঃ একটি নির্মোহ বিশ্লেষণ

বর্তমান বাংলাদেশঃ একটি নির্মোহ বিশ্লেষণ

বিমল প্রামাণিক

ভারত বাংলাদেশ সম্পর্ক চর্চাকেন্দ্র

প্রথম পর্ব

পাকিস্তানের দাবিকে কেন্দ্র করে  বাঙালি মুসলমান রাজনৈতিক কর্মী ও তৎকালীন বুদ্ধিজীবীদের দ্বিজাতিতত্ত্বের মোহগ্রস্তভাব মুসলমান সমাজকে যেভাবে দ্রুত প্রভাবিত করে ফেলতে শুরু করেছিল – আজ স্বাধীনতার সাতাত্তর বছর পেরিয়ে এসেও তার নিরসন তো ঘটলোই না – বরঞ্চ তা আরও বহুরূপে ও বহুভাবে শাখা প্রশাখায় পল্লবিত হয়ে (বাঙালি) মুসলমান সমাজকে সম্পূর্ণ  গ্রাস করে ফেলেছে।

বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতার প্রথম প্রকাশ্য সাংবিধানিক রূপ আমরা দেখতে পাই যখন জিয়াউর রহমানের সামরিক সরকার সংবিধানের ৩৮ ধারা বাতিল করে দেয়। সংবিধানের ৩৮ ধারায় বাংলাদেশে সাম্প্রদায়িক  রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ১৯৭৬ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট সায়েমের মাধ্যমে রাজনৈতিক দন্ডবিধি অর্ডিন্যান্স  জারি করে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোকে ময়দানে  ছেড়ে দেওয়া হল। ১৯৭৬-এর ৭ মার্চ  সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী জলসার নামে একাত্তরের ঘাতক আলবদর রাজাকাররা সমবেত হল, এবং যেখানে উপপ্রধান সামরিক আইন প্রশাসক বিমান বাহিনী প্রধান এম জি তাওয়াব (তোয়াব) বক্তৃতা দিয়ে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করার দাবি জানালেন। সেখানেই স্বাধীনতা বিরোধীদের পক্ষ থেকে ৬-দফা দাবি তোলা হল এবং সেটা গৃহীতও হল। বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে, পতাকা পাল্টাতে হবে, নতুন জাতীয় সঙ্গীত চালু করতে হবে, ’৫২ এর ভাষা আন্দোলনের শহীদ মিনারটি ভেঙ্গে ফেলতে হবে, একাত্তরে নিহত রাজাকারদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। তাওয়াবের এই তৎপরতা থেকে তখনই বোঝা গিয়েছিল স্বাধীনতা সংগ্রামকে মুছে ফেলার জন্য বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা পাকিস্তানপন্থীরা গোপনে কতখানি  সংঘঠিত হয়ে গিয়েছিল। এই উপ-সামরিক আইন প্রশাসক ছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের একই আদর্শের বিশ্বস্ত লোক। তার ইচ্ছা এবং অনুমোদন ব্যতীত এম জি তোয়াব কি বাংলাদেশকে ‘ইসলামী প্রজাতন্ত্র’ ঘোষণার দাবি জানাতে পারতেন? আর স্বাধীনতা বিরোধীদের ৬ দফা  দাবি কিভাবে ঢাকার বুকে জনসভায় গৃহীত হল? তাছাড়া, প্রধান সামরিক আইন প্রশাসকের এবিষয়ে তো কোন বক্তব্য দেখা গেল না। অর্থাৎ, জিয়াউর রহমান এই দাবিগুলিই জনসমক্ষে আনতে চেয়েছিলেন। স্বল্পকালীন শাসনামলে তিনি ইসলামিক প্রজাতন্ত্র বাস্তবায়ন করে যেতে পারেন নাই। এটা ইতিহাস যে, তার প্রতিষ্ঠিত দল বিএনপি সব সময়ই জামাতকে সঙ্গে নিয়ে চলেছে এবং জামাতকে প্রতিষ্ঠা দিয়েছে।

১৯৭৭ সালের  ২১ এপ্রিল তারিখে যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্বভারটি গ্রহণ করলেন, তখন থেকেই তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতার  সূচনা করলেন নতুনভাবে। দায়িত্বভার গ্রহণ  করার পরদিনই জাতির উদ্দেশ্যে বেতার ও টেলিভিশন ভাষণে তিনি সংবিধানের কাঠামো দিলেন পাল্টে। তিনি বলে দিলেন, সংবিধানের মৌল রাষ্ট্রনীতি কি হবে। বাদ পরে গেল সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা । পাকিস্তানকে যখন ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করা হয়, তখন তার মূলনীতিতে বলা হয়েছিলঃ ‘where in the principles of democracy, freedom, equality, tolerance and social justice as enunciated by Islam shall be fully observed’,  ঠিক তেমনিভাবে ১৯৭৭-এর ২২ এপ্রিল জিয়া বলে দিলেন, সংবিধানের মৌল রাষ্ট্রনীতি হবে ‘সর্বশক্তিমান আল্লার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’, সংবিধানের শুরুতে থাকবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। সংবিধানের ইসলামীকরণ শুরু হল।

পাকিস্তানে যেহেতু ভিন্ন ধর্মাবলম্বীর অস্তিত্ব  প্রায় নেই বললেই চলে, সেহেতু পাকিস্তান পরিণত হয়েছে ধর্মরাষ্ট্রে, আর বাংলাদেশে যেহেতু অন্যান্য ধর্মাবলম্বীর অস্তিত্ব এখনও রয়েছে, সেহেতু বাংলাদেশ পরিণত হয়েছে রাষ্টীয় সাম্প্রদায়িকতার চারণক্ষেত্র।  

অবশেষে, ১৯৮৮ সালের ৭ জুন এরশাদ রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতাকে চূড়ান্তভাবে সংবিধানে সন্নিবেশিত করে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ ঘোষণা করে দিলেন। এরশাদ একটি সামরিক স্বৈরতান্ত্রিক সরকার হলেও, তার ঘোষিত ‘রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, পরবর্তী সরকারগুলি, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা খুশী মনেই মেনে নিয়েছেন।

আবুল মনসুর আহমদ ১৯৭২ সালে লিখেছিলেন, “বাংলাদেশ আসলে পাকিস্তানেরই সত্যতর রূপায়ন। আবুল মনসুর নির্বোধ ছিলেন না।  তীক্ষ্ণধী বুদ্ধিজীবী রাজনীতিবিদ ছিলেন।  তিনি বাংলাদেশকে ঐ চোখে দেখলেন মানে, বাঙালি মুসলিমের শিক্ষিত অগ্রসর অংশের, এবং আওয়ামি লিগেরও, — এক বিরাট অংশই ঐ একই চোখে দেখেছে বাঙালি হিন্দু-মুসলিমের মিলিত রক্তস্রোতে ও ভারতের বিরাট সহযোগিতায় গড়ে ওঠা এদেশকে।”

বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি দু’ভাবে প্রকাশিত হয়েছে। একদিকে সংখ্যাগুরুর ধর্মের প্রভাব ও প্রকাশ ব্যবহারিক জীবনের সর্বত্র বিস্তৃত হয়েছে এবং তা সম্ভব হয়েছে সংখ্যালঘুর ধর্মবোধ, তার আচার অনুষ্ঠানকে কার্যত অগ্রাহ্য ও উপেক্ষা করে, অন্যদিকে, সংখ্যাগুরুর চাপে সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কর্মপ্রান্তিকরণ ঘটেছে।

আজকের বাংলাদেশে, বিএনপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর যেভাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধীশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যার শুরু হয়েছিল ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই। “বাংলাদেশ এখন নামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হলেও আসলে একটি সাম্প্রদায়িক রাষ্ট। সাম্প্রদায়িক রাষ্ট্রের স্বাভাবিক প্রবণতাই হল মধ্যযুগীয় ধর্মীয় রাষ্ট্রে পরিণত হওয়া।  বাংলাদেশ এখন সেই পথেই যাত্রা শুরু করেছে। এই দেশ থেকে ভীতি ও  সন্ত্রাসের মাধ্যমে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিতাড়নের কাজ চলছে।

গত ‘২৩ মার্চ পাকিস্তান দিবস’ নজিরবিহীনভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হল। ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ নামের একটি ব্যানারে সংগঠিত জনতা মিডিয়ার সামনে দাবি রাখলেন কেন চল্লিশের দশকের পাকিস্তান প্রস্তাব যা ‘লাহোর প্রস্তাব’ হিসাবে খ্যাত – তা পালন করা হবে না? বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের শহীদ মাস্টারদা সূর্য সেন ও প্রথম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হল। এর পিছনে আসল উদ্দেশ্য হল, বাঙালি হিন্দুদের বৃটিশবিরোধী ভারতের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ঐতিহাসিক অবদানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা এবং ‘সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বভিত্তিক ‘লাহোর প্রস্তাব’কে  মুসলমানের মনে জাগরিত করে তোলা।

২০২৬ সালের বাংলাদেশ স্বাধীনতা দিবসে (২৬/৩/২৬) ঢাকায় সাভারের জাতিসৌধে আওয়ামী লিগ ও জাতীয় পার্টির কর্মীদের অনেককেই শ্রদ্ধাজ্ঞাপনে বাধা দেওয়া হয় এবং গ্রেফতারও করা হয়।  বর্তমান তারেক সরকারের ও জামাতের পরিকল্পনামতো মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস প্রচার করা হচ্ছে। এমনকি  বাংলাদেশের সংসদে পর্যন্ত মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে রাজাকার ও পাকিস্তানি সহযোগীদের নামে ‘শোক প্রস্তাব’ গৃহীত হয়েছে। এর আসল উদ্দেশ্যই হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে ভারতের অবদান মুছে ফেলা এবং হাজার হাজার ভারতীয় সৈন্যের  আত্মবলিদান অস্বীকার করে জামাত-রাজাকার-আলবদরকে বাংলাদেশের মুসলমানদের মনে মহান  হিসাবে প্রতিষ্ঠা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা। এর পিছনে আরও একটি বড় উদ্দেশ্য হল, বাংলাদেশ আন্দোলনের প্রধান নেতা শেখ মুজিবের নাম ও ইতিহাস বাংলাদেশি মুসলমানদের মন থেকে অপসৃ্ত করে ফেলার চেষ্টা।

আওয়ামি লিগকে সমূলে উচ্ছেদ করার লক্ষ্যে  বিএনপি, জামাত ও তার সহযোগী ইসলামি দল ও সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে চলেছে। এরা যেমন পাকিস্তানি  আদর্শ ও চিন্তাধারায় বিশ্বাসী, তেমনই মধ্যযুগীয় ধর্মীয় রাষ্ট্রের অনুসারী। আজ তারেক রহমান সরকারের যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে এটা পরিষ্কার যে, ভারত ও হিন্দু বিদ্বেষ তাদের অস্থি-মজ্জায়। বিএনপির তথাকথিত মুক্তিযোদ্ধারাও কট্টর ভারত-বিরোধিতায় সোচ্চার। বিএনপি-জামাত মিলেমিশেই বাংলাদেশকে চালাতে চায়। আওয়ামি লিগকে সার্বিকভাবে প্রতিহত করতে চায়। সংসদে প্রস্তাব এনে আওয়ামি লিগকে এখনও নিষিদ্ধ করে রাখার উদ্দেশ্য এটাই। এতে দেশ  ক্রমেই  গৃহযুদ্ধের সম্ভাবনার দিকে অগ্রসর হচ্ছে বলেই মনে হয়। এতে ভবিষ্যৎ বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের অনিশ্চয়তা আরও দৃঢ় হচ্ছে।

অত্যন্ত পরিতাপের সঙ্গে ১৯৯৬ সালেই আব্দুল গাফফার চৌধুরী এক প্রবন্ধে লিখেছিলেন, যে পাকিস্তানিদের হটিয়ে আমরা স্বাধীনতা এনেছি, তাদের ফেলে যাওয়া ধর্মীয় জাতীয়তা, সাম্প্রদায়িক কালচারের আলখেল্লাটি মহাহর্ষে গায়ে চাপিয়ে আমরা পাকিস্তানিদের চাইতেও ‘ইসলামি উম্মাহর’ বড় শরিক সেজেছি। হাজার বছরের বাঙালি পরিচয় বর্জন করে বাংলাদেশি হয়েছি। পাকিস্তানি হানাদারদের বর্বরতার চিহ্ন না মুছতেই স্বাধীনতার চার বছরের মাথাতেই চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ দেখে  পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়েছি। ঢাকায় ক্রিকেট খেলায় পাকিস্তানি টিমের জয়লাভে নিজেদের জয় ভেবে মাথায় পাগড়ি বেঁধে নেচেছি। নিজেদের স্বাধীনতার  শ্লোগানটি (জয় বাংলা) বিসর্জন দিয়ে পাকিস্তানিদের কাছ থেকে জিন্দাবাদ ধ্বনি ধার করে এনেছি। এটিই এখন আমাদের জাতীয় শ্লোগানের অংশ। আসল কথা, আমরা পাকিস্তানিদের তাড়িয়ে নতুন পাকিস্তান বানিয়েছি। স্বাধীনতা কথাটি এখানে অবান্তর। আমরা নতুন পাকিস্তানে  পাঞ্জাবি শাসকদের আসনে বসার গর্ব ও আভিজাত্য বোধ করছি।  সম্ভবত এটাই ছিল আমাদের আসল লক্ষ্য।

 বলা নিস্প্রয়োজন যে, বাংলাদেশের নব্য মুসলিম লিগ বিএনপি, পাকিস্তান মুসলিম লিগেরই উত্তরসূরি। ১৯৪৭-১৯৫৪ পর্বে পূর্ব বাংলার মুসলিম লিগের উগ্র হিন্দু বিদ্বেষের রাজনীতির সঙ্গে ১৯৯১-১৯৯৫ ও ২০০১-২০০৫ পর্বে বিএনপি’র রাজানীতির কোন পার্থক্য দেখা যায় না। এটা মোটেই কাকতালীয়  নয় যে, প্রথম বিএনপি সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী এবং তৃতীয় বিএনপি সরকারের রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গোঁড়া পাকিস্তান মুসলিম লিগার। বিএনপি সরকারের উগ্র হিন্দু বিদ্বেষ ও নির্যাতনের তথ্যভিত্তিক বিবরণ লেখক শাহরিয়ার কবির ও  সুলতানা নাহার তাদের বইগুলোতে প্রকাশ  করেছেন। সংখ্যালঘু নির্যাতন ২০০১ ও ২০১২, গণতদন্ত কমিশনের প্রতিবেদনও বিস্তারিত তথ্য রয়েছে।

দেশ বিভাগোত্তর আটাত্তর বছরের ইতিহাস থেকে যদি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের মুসলিম বাঙালি রাজনৈতিক নেতৃত্বের কর্ম এবং জীবনকে বিশ্লেষণ করা যায়, তাহলে তাদের তথাকথিত বাঙালিত্বের খোলস থেকে মুসলমানিত্বের গর্ব  এবং অহংকার প্রকটভাবে সামনে এসে পড়ে। স্বাধীন বাংলাদেশে হিন্দু বাঙ্গালির মর্যাদা  এবং অধিকার যে খর্ব করা হল – তা তো এই সকল মুসলমান বাঙালি নেতৃত্বের স্বপ্নের ‘মুসলিম বাংলা’ বাস্তবায়নের ফল, যা তারা ১৯৪০ সালের  লাহোর প্রস্তাবের মধ্যে স্বপ্ন দেখেছিলেন। শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ হিসেবে খ্যাত হয়েছিলেন, শেখ মুজিবের উপর হিন্দুদের অগাধ আস্থা ছিল। ভারত থেকে সাধের বাংলাদেশে ফিরে তারা কি দেখলেন! শেখ মুজিব সরকারেরই নির্দেশে শত শত বছরের পুরাতন রমনা কালী মন্দির ধুলিস্যাৎ করা হল – যার চুড়াটি  পাক বাহিনী ভেঙেছিল, মুজিব সরকার সেটাকে নিশ্চিহ্ন করলেন। ‘শত্রু সম্পত্তি’ শুধু নাম পরিবর্তন করে ‘অর্পিত সম্পত্তি’ নামে হিন্দু বাঙ্গালির শোষণ-বঞ্চনার এক নম্বর হাতিয়ার তার সরকার বহাল রাখলেন। হিন্দু বাঙালি শেখ মুজিবের উপর বড় বেশি আশা করেছিলেন। পাকিস্তানের চব্বিশ বছরের রক্তাক্ত ইতিহাস থেকেও তারা শিক্ষা নিতে পারেনি। বাঙালি মুসলমান যে বাঙালি হিন্দুর বন্ধু হতে পারে না – একথা হিন্দুরা বিশ্বাস করে না, কারণ তারা ইসলাম ধর্ম জানে না। ইসলামের দৃষ্টিতে সমস্ত অমুসলমানই কাফের, হত্যার যোগ্য। শেখ মুজিবও এর বাইরে যেতে পারেন নি।

শেখ মুজিব পাকিস্তানি রাজনীতির গতি- প্রকৃতি  ভালোই জানতেন। পূর্ব পাকিস্তানের ছাপান্ন শতাংশের ভোটের গুরুত্ব ছিল অপরিসীম। সাড়ে সাত কোটি অধিবাসীর মধ্যে তখন হিন্দু ছিল এক কোটি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের পূর্বে হিন্দুদের প্রতি সহানুভূতির কোন  অভাব তৎকালীন আওয়ামি লিগ নেতৃবৃন্দের  মুখে বা আচরণে দেখা যায়নি। কারণ এক কোটি মানুষের সমর্থন ভোটের বাক্সে ছিল মহার্ঘ। ভারতের সক্রিয় সহযোগিতা ও সাহায্যে বাংলাদেশ পাকিস্তানি সেনাবাহিনী মুক্ত হওয়ার পর হিন্দুদের গুরুত্বহীনতা যে হারিয়ে যাবে, তা বুঝতে হিন্দুদের আর কাল বিলম্ব করতে হল না।  শেখ মুজিবের সাড়ে তিন বছরের শাসনকালেই তারা হাড়ে হাড়ে বুঝে গেলেন, পাকিস্তানের জন্মের পর তাদের জন্য বিপর্যয় ঘটেছিল, আর স্বপ্নের বাংলাদেশে ঘটলো ভাগ্যের মহা বিপর্যয়।

কলকাতার বুদ্ধিজীবীদের দুর্বল পর্যবেক্ষণ  বাঙালি মুসলমান চরিত্রের বহুরূপিতা  বুঝতে  ব্যর্থ হওয়ায় ১৯৫২ সালের ‘ভাষা আন্দোলন’  ও  ১৯৭২ সালের ‘মুক্তিযুদ্ধে’র সঠিক বিশ্লেষণ তাদের লেখায় দেখা যায় না। বরঞ্চ, বিভ্রান্তিকর তাত্ত্বিক মতামত বাঙালি পাঠককুলকে প্রকৃত সত্যের আলো থেকে বঞ্চিত রেখেছে।

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী  নিতাই রায়চৌধুরী  পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ হওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে হেফাজত ইসলামের হুমকি ও মৌলবাদী গোষ্ঠীর কট্টর বিরোধিতার পরদিনই ‘মঙ্গল শোভাযাত্রা’ বাতিল করে ‘বৈশাখী শোভাযাত্রা’র ঘোষণা করা হল – যা মহম্মদ ইউনুছের আমলে  চালু হয়েছিল। হেফাজতি ও অন্যান্য কট্টর ইসলামি গোষ্ঠী জামাতের ডানহাত ও বামহাত।

বিএনপি দুই তৃ্তীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় গেলেও—তাদের ও জামাতের মূল লক্ষ্য এক, ইসলামি বাংলাদেশ কায়েম করা। সারা বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সমস্ত স্মারক বিধ্বস্ত ও নিশ্চিহ্ন করা হল তখন বিএনপি একটাও প্রতিবাদ করেনি। এখন তারা ক্ষমতায় আসীন, দেশের  বিভিন্ন জায়গায় যে গান বাজনা, খেলাধুলা এমন কি কোন আনন্দ অনুষ্ঠানে মাইকে গান বাজানোর উপর ফতোয়া  জারি হচ্ছে – সরকার সে সম্পর্কে উদাসীন। মাত্র কয়েকদিন আগে, কুষ্টিয়া জেলার  কুমারখালি অঞ্চলে কট্টরপন্থীরা ঘোষণা জারী করেছে যে,  যারা গান-বাজনা করবে – তাদের কবরের জায়গা দেওয়া হবে না এবং ইমাম জানাজা পড়াবে না। স্কুলে কোন গানের শিক্ষক থাকবে না – ইসলামে গান বাজনা হারাম। দেশ শরীয়া চালুর দিকে চলেছে। সমাজ নিয়ন্ত্রণ করছে জামাতে ইসলাম ও তথাকথিত কট্টর আলেমরা।  বিএনপি’র ছত্রছায়ায় সমাজে জামাতের শাসন চলছে। বাংলাদেশের প্রকৃত ক্ষমতা রয়েছে বিএনপি’র হাতে নয় জামাত এবং মৌলবাদীদের হাতে।

জিয়াউর রহমানের বাঙ্গালির পরিবর্তে বাংলাদেশি  জাতীয়তাবাদ প্রতিষ্ঠার প্রধান কারণই ছিল বাংলাদেশে গোলাম আজম ও জামাতে ইসলামকে প্রতিষ্ঠা দেওয়া। বাঙালি সংস্কৃতিকে ‘হিন্দু সংস্কৃতি’ আখ্যা দিয়ে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা দেওয়া হল। এই সুযোগে সমস্ত মুসলিম লিগ, জামাতে ইসলামসহ  পাকিস্তানি সমর্থক ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বাংলাদেশের সমাজে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠা  করা হল। রাজনীতিতে তারা আর অছ্যুত থাকল না। বিএনপি-জামাত-মুসলিম লিগ মিলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এতই শক্তিশালী হয়ে উঠল যে, তারা আজ বাংলাদেশের সমাজ- সংস্কৃতি –ইতিহাস সব কিছু পালটাতে চাইছে। ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতেও পিছপা হচ্ছে না। সম্প্রতি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত ছাত্রনেতা (শিবির) ঘোষণা করেছেন, “ভারতের গোলাম হওয়ার চেয়ে পাকিস্তানের দালাল হওয়া শ্রেয়।” বর্তমানে  ঢাবি’র ছাত্র-ছাত্রীদের পোশাক দেখলে মনে হবে, এটা আফগানিস্তানের কোন বিশ্ববিদ্যালয়। সারা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামি পোশাকের বাড়-বাড়ন্ত।

মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে পারলে ভারতের ত্যাগ, সাহায্য  ও সহযোগিতা মানুষকে  ভুলিয়ে দেওয়া যাবে।  বিএনপি’র হাত ধরে জামাতে ইসলামের রাজনীতি এবং সমাজে দ্রুত প্রতিষ্ঠার একটা সম্ভাবনা  তৈরি হয়েছে এই সময় হঠাৎ করে বর্তমান পার্লামেন্টে তারেক রহমানের উদ্যোগে জামাত ইসলামকে যুদ্ধাপরাধী অভিহিত করে একটি নতুন বিল পাশ করা হল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে, মুসলিম লিগ, জামাতে ইসলাম ও নেজালে ইসলাম – এই তিনটি দল পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসেবে অগণিত লক্ষ লক্ষ সাধারণ জনগণকে হত্যা করে, ব্যাপক  নারী ধর্ষণ, হত্যা, লুটপাট করে, হিন্দুদের নিশ্চিহ্ন করার উদ্যোগ নেওয়ার ফলে ৯৩  লক্ষ হিন্দু ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। বর্তমানে বাংলাদেশে মুসলিম লিগ ও নেজাকে ইসলামের কোন আলাদা রাজনৈতিক  অস্তিত্ব না থাকলেও জামাতে ইসলাম এই সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে রয়েছে।  ১৯৭৯ সালে জিয়াউর রহমান ‘political party revival act’  আইনের মাধ্যমে জামাতকে রাজনীতি করার অধিকার প্রদান করে। বেগম খালেদা জিয়া দু’বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও জামাত সহযোগী হিসেবে মন্ত্রীসভায় স্থান পেয়েছিল। বিএনপি জামাতকে যুদ্ধাপরাধী হিসেবে  কখনই দেখে নাই।

কেন এত বছর পর তারেক জিয়া জামাতকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করল? আমার মতে, সারাদেশে জামাতের সাংগঠনিক শক্তি ও জন সমর্থন বিএনপ’র সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ; জামাতের আন্তর্জাতিক সহযোগিতা ও সাহায্য বিএনপি’র দুশ্চিন্তার কারণ; জামাতের ‘ইসলামি বাংলাদেশ’ করার দায় বিএনপি এড়াতে পারবে না। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, মুক্তিযুদ্ধ সমর্থক সাধারণ মানুষকে ছদ্মবেশ ধারণ করে প্রতারিত করা, যাতে বিএনপি’র আসল উদ্দেশ্য সম্পর্কে জনগণ ও ভারতবর্ষ বিভ্রান্ত হয়। যাতে, এই ধারণা তৈরি হয় যে, বর্তমান বিএনপিও  মুক্তিযুদ্ধ সমর্থক দল। তাই যুদ্ধাপরাধী আইন পাশ করে জামাতের উপর একটি বিচারের খড়্গ ঝুলিয়ে রাখা হল। প্রয়োজন মনে করলে বিএনপি এটা ব্যবহারের সুযোগ নিতে পারবে। এর ফলে জামাতকে চাপেও রাখা যাবে।

একথা অস্বীকার করার উপায় নাই যে, মুসলমান জনসংখ্যার নব্বই শতাংশই ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে না, শুধু ধর্মের কারণে। সব স্তরের জনসংখ্যাই এর মধ্যে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *