বর্তমান বাংলাদেশঃ একটি নির্মোহ বিশ্লেষণ
বিমল প্রামাণিক
ভারত বাংলাদেশ সম্পর্ক চর্চাকেন্দ্র
দ্বিতীয় পর্ব
বাঙালি মুসলমানের গত একশত বছরের ইতিহাস পর্যালোচনা করলে একটা বিষয় পরিষ্কার হয় যে, ইসলাম ধর্ম ও বাঙালি জাতিসত্তার প্রশ্ন যখনই সামনে এসেছে – তারা ইসলাম ধর্মকে অগ্রে স্থান দিয়ে ‘মুসলমান’ আইডেনটিটিকেই সামনে রেখেছেন। পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসেও আমরা এটাই দেখতে পাচ্ছি।
বাঙালি মুসলমানের এই চারিত্রিক বৈশিষ্টের পিছনে দু’টি প্রধান কারণ হচ্ছেঃ বৃহৎ বঙ্গের অধিবাসী, ভারতের মুসলিম ও ইংরেজ শাসনামলের কয়েকশত বছরের কালখণ্ডে ধর্মান্তরিত মুসলমান। মূল ধর্মের প্রতি তাদের অসহিষ্ণুতা ও বৈরিতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকা স্বাভাবিক। দ্বিতীয়তঃ “ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে দুটি প্রাথমিক ভিত্তির উপরঃ প্রথমত—কোরান ধারণকৃত স্বর্গীয় বা দৈববাণী এবং দ্বিতীয়ত, নবীর ঐতিহ্য ও বাণী, যাকে হাদিস বা সুন্নাহ বলা হয়। … সংক্ষেপে কোরান ও সুন্নত হল ইসলামের দুটি প্রাথমিক সংবিধান। এদুটি প্রাথমিক উৎস থেকেই উদ্ভব হয়েছে শরীয়া আইনের। কোরান, সুন্নত ও শরীয়া আইন একত্রে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ ভিত্তি রচনা করে। এগুলো সকল স্থানে, সর্বকালে ও সকল সমাজে মুসলিম জীবন যাপনের জন্য অপরিহার্য ও পূর্ণাঙ্গ পথ প্রদর্শক”।
তদুপরি, ইসলামি সমাজে পরধর্ম-সংস্কৃতি ও ঐতিহ্যকে হেয় ও ঘৃণা করার একটা নিরন্তর প্রচেষ্টা ইসলামি শিক্ষা ও ধর্মচর্চার মধ্যে অঙ্গীভূত। এরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই ভারতে সাতশত বছরের মুসলিম/ইসলামি শাসনে এবং গত পঁচাত্তর বছরের পাকিস্তান ও বাংলাদেশের আমলে। মন্দির, বিশ্ববিদ্যালয়ের, পাঠাগারসহ অমুসলমানদের যাবতীয় ধর্মচর্চার, জ্ঞানচর্চার, সংস্কৃতি চর্চার প্রধান উৎস ও কেন্দ্রগুলিকে ধ্বংসসাধন হয়ে দাঁড়ায় ইসলাম অনুসারীদের প্রধান কর্তব্য। এটাই ইসলামের প্রসার এবং প্রচারের হাতিয়ার বললেও ভুল হয় না। ধর্মশাস্ত্রের নির্দেশ মেনেই একাজ করা হয়। আর ধর্মশিক্ষা দিয়েই মুসলমান শিশুদের জীবন শুরু হয়।
বাংলাদেশের স্বাধীনতা- উত্তরকালে গত পঞ্চান্ন বছরে যারাই ক্ষমতার শিখরে বসেছেন, সংখ্যাগরিষ্ঠের ধর্ম-সাম্প্রদায়িকতার গণ্ডি থেকে কেউই বেরিয়ে আসতে পারেননি বা বেরিয়ে আসতে চাননি। ফলে রাষ্ট্র ও সমাজের অভ্যন্তরে ধর্ম-সাম্প্রদায়িকতার শিকড় অবাধে গভীরে প্রবেশ করেছে – যা মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তি চর্চার ক্ষেত্রগুলিতে প্রধান অন্তরায়। তদুপরি, রাষ্ট্রীয় শাসন প্রণালী বা কর্মপন্থার মধ্যেই যখন ধর্ম-সাম্প্রদায়িকতার বীজ সার জলে পরিপুষ্ট হয়ে সমাজকে আচ্ছাদিত করে ফেলে, তখন মুক্তচিন্তা বা বুদ্ধিবৃত্তি সমাজে সংকুচিত হয়ে যায়—বাংলাদেশের ক্ষেত্রে আজ এটাই বাস্তবতা। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে দ্রুত পাকিস্তানি ধ্যান- ধারণার প্রচার এবং প্রসার বাংলাদেশি সমাজকে আচ্ছন্ন করে ফেলছে। এখানে রাজনীতির ভূমিকা ইতিবাচক।
আর, বাঙালি মুসলিম জাতিসত্তা সামনে নিয়ে আসার পশ্চাতে রয়েছে বৃহৎ ভারতের ক্ষুদ্র প্রতিবেশী সুলভ ভীতি। বারবার দ্বিজাতিতত্ত্বকে আঁকড়ে ধরতে হচ্ছে, সমাজকে পাকিস্তানের চেয়েও কট্টর ইসলামিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, প্রচন্ড ভারত ও হিন্দু- বিদ্বেষের পথ বেছে নিতে হচ্ছে, ভারত-প্রতিরোধের জুজু দেখিয়ে চিনের দিকে সামরিক অর্থনৈতিক নির্ভরতা বৃদ্ধি করা হচ্ছে। বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সাহায্য সহযোগিতার ইতিহাস ক্রমেই অপসৃয়মান, পাকিস্তানি ইসলামি ভ্রাতৃত্ব তার স্থলে সাধারণ মানুষের মনে গেঁথে দেওয়ার প্রয়াস চলছে।
“বাঙালি মুসলমানের প্রতিভাবান অংশটি নানা বিভ্রান্তিতে তাদের শক্তির অপচয় করেছেন। তারা ভুল করেছে ব্রিটিশ আমলে, তারা ভুল ও বিভ্রান্তির মধ্যে ছিলেন পাকিস্তান আমলে এবং বেদনার বিষয় তারা ভুল ও বিভ্রান্তির মধ্যে রয়েছেন স্বাধীন বাংলাদেশেও”।
আমার মনে হয়, বাঙালি মুসলমানের প্রতিভাবান অংশটি সুবিধাবাদী। তার ভুলও করেনি, বিভ্রান্তির মধ্যেও ছিল না। তারা পাকিস্তানি আমলেও ছিল সুযোগসন্ধানী এবং বাংলাদেশের আমলেও তাই। পঞ্চাশ ষাঠ এবং সত্তরের দশকে যে সুস্থ সংস্কৃতি গড়ে উঠেছিল – তা ছিল মূলতঃ ঢাকা-কেন্দ্রিক – সীমাবদ্ধ পরিসরে। ফলে বাংলাদেশের ব্যাপক অঙ্গনে সে সাংস্কৃতিক চিন্তা ছড়িয়ে পড়তে পারে নাই। বাঙালি মুসলমানদের বুদ্ধিবৃত্তি চর্চার সুবিধাবাদী চারিত্রিক বৈশিষ্ট্যটি উন্মোচন করেছেন সৈয়দ আবুল মকছুদ। তিনি লিখেছেন, “যখন জাতীয়তাবাদী আন্দোলন চলছে এবং বাংলার মানুষ চাইছে স্বায়ত্বশাসন, তখন তারা জাতীয়তাবাদী রাজনীতিকদের সহায়তা করেননি। নির্বাচনে শেখ মুজিবুর রহমানের দল থেকে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া অবধারিত, আইয়ুব-ইয়াহিয়া থেকে পাওয়ার আর কিছু নেই, তখন ১৯৭১ সালের ২৪শে জানুয়ারি ‘পূর্ব পাকিস্তান লেখক শিল্পী সমাজ’ এর পক্ষ থেকে শেখ মুজিবকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সংবর্ধনা দেওয়া হয়। শেখ মুজিব সংবর্ধনার উত্তরে বকেন, “জনগণ যখন অধিকার আদায়ের সংগ্রাম করছিল, তখন এক শ্রেণীর শিল্পী- সাহিত্যিক- কবি … মৌলিক গণতন্ত্রের প্রশস্তি গেয়ে নিজেদের ভবিষ্যৎ গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। তারা কি আজ বুকে হাত দিয়ে বলতে পারেন যে, তারা তাদের দায়িত্ব পালন করেছেন?”
“স্পষ্টভাষী মুজিব সেদিন আরও একটু খোলসা করে বলেছিলেন, যে মৌলিক গণতন্ত্র ও ডিক্টেটরি শাসনের পতন ঘটানোর জন্য বাংলায় বীর ছাত্র-জনতা-শ্রমিক বুকের রক্ত দিয়েছে, তাদের (আইয়ুবদের) গুণকীর্তন করে, প্রবন্ধ লিখে, বেতার কথিকা প্রচার করে এক শ্রেণীর বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পয়সা রোজগার করেছেন। বি এন আরের অর্থানুকূল্যে বই প্রকাশ করেছেন। (দৈনিক পাকিস্তান)।”
পাকিস্তানের জন্মের পর থেকে আজকের স্বাধীন বাংলাদেশে এই যে এতগুলো হিন্দুবিরোধী আইন বিভিন্ন সরকারের আমলে পাশ হল – কোন রাজনৈ*তিক দল এর বিরোধিতায় এগিয়ে এল না। মুসলিম লিগ, আওয়ামি লিগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই ক্ষমতায় থেকেছে এবং এই আইন সমূহের যথাযথ ব্যবহার করেছে তাদের নিজেদের স্বার্থে – এতে কোন ব্যত্যয় ঘটেনি। কারণ সব দলই হিন্দু বিতাড়ন এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়েছে। এখন দেখা যাক, পাকিস্তানের চব্বিশ বছর এবং বাংলাদেশের পঞ্চান্ন বছরের মধ্যে হিন্দু বিতাড়নের বৈশিষ্ট্য ও পদ্ধতিগত কি কি পার্থক্য রয়েছে। পাকিস্তান আমলে – কোন রাখঢাক না করেই হিন্দু বিতাড়নের জন্য নানা বৈষম্যমূলক আইন প্রণয়ন করা হয়েছে – সাথে সাথে সরকারি মদতে হিন্দুবিরোধী দাঙ্গা সংঘটিত করা হয়েছে। যেমন, ১৯৪৯-৫০, ১৯৬৪, ১৯৭১ বড় গণহত্যাগুলির মধ্যে উল্লেখযোগ্য। এটা ছিল পাকিস্তান সরকারের ঘোষিত রাষ্ট্রনীতি। তখনকার কোন সরকার বিরোধী দল এর সক্রিয় বিরোধিতা করেনি।
আর বাংলাদেশের পঞ্চান্ন বছরের শাসনে পাকিস্তানের ঐ নীতি বহাল আছে, কিন্তু সেখানে রয়েছে ঢাকঢাক গুড়গুড়। দেখা যাচ্ছে সব দলের শাসন কালেই হিন্দুবিরোধী বৈষম্যমূলক আইনের ব্যবহার এবং হিন্দু বিতাড়নের ঘটনাকে অস্বীকার করা। ১৯৭২, ১৯৯০, ১৯৯২, ২০০১-২০০৪, ২০১২ এবং ২০২৪-২৬ সময়কালে যেসব বড় বড় ধর্মীয় সংখ্যালঘু তথা হিন্দুবিরোধী এক তরফা দাঙ্গা সংঘটিত হয়েছে – তার সবগুলিই সরকারি দলের মদতে এবং ব্যাপক অংশ গ্রহণে। অথচ সরকার তা স্বীকারই করে না। আজকের বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী এবং মুসলমানরা সেই মুসলিম লিগের উত্তরাধিকার বহন করছে – শুধু রক্তের উত্তরাধিকার নয়, রাজনীতির উত্তরাধিকারও। সমাজে কিছু ব্যতিক্রমধর্মী মানুষ থাকলেও সমাজ ও সরকারি প্রশাসনে তাদের কোন গুরুত্ব পরিলক্ষিত হয়না। “হিন্দুরা যতদিন পর্যন্ত ন্যুনতম সম্পদেরও মালিক থাকবে – ততদিন পর্যন্ত হিন্দুবিরোধী বৈষম্যমূলক আইন থাকবে।” অধ্যাপক ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার এই ভবিষ্যৎবাণীই ব্যক্ত করেছেন, তাঁর স্মৃতিচারণায়।
স্বাধীন বাংলাদেশের প্রথম থেকেই দ্রুত হিন্দু-মুসলমান সম্পর্কের অবনতি হতে থাকলো। বলা যায়, পারস্পরিক অবিশ্বাস দৃঢ় হতে লাগল। এর প্রধান কারণগুলি আমার কাছে যেভাবে অনুভূত হতে লাগল তা হলঃ আমার অধিকাংশ মুসলমান বন্ধু ও পরিচিতজন পাকিস্তান ভেঙ্গে যাওয়া মেনে নিতে পারল না। দ্বিতীয়ত, পুরো পাকিস্তান পর্বে যারা ভারতকে প্রধান শত্রু জ্ঞান করে এসেছে – তারা আকস্মিকভাবে ভারতের সঙ্গে বন্ধুত্ব ভালভাবে মেনে নিতে পারল না। তৃতীয়তঃ, বাংলাদেশের সমাজে হিন্দুদের সমানাধিকার প্রতিষ্ঠার সম্ভাবনা মোটেই মেনে নিতে পারল না, পাকিস্তান আমলে হিন্দুদের দেশত্যাগে অভ্যস্ত যে মুসলমানরা ছিল সর্বাপেক্ষা লাভবান হওয়া গোষ্ঠী, হিন্দুদের স্থায়ী বসবাসের সম্ভাবনা তারা একেবারেই ভাল চোখে দেখল না। চতু্র্থত, মুসলমান সমাজে প্রচার-প্রপাগান্ডার মাধ্যমে এমনই একটা ধারণা দ্রুত বদ্ধমূল হয়ে গেল যে, পাকিস্তান ভাঙ্গার প্রধান দায় হিন্দুদের, কারণ তারা ভারতের দালাল। পঞ্চমত, বাংলাদেশ সরকার ও আওয়ামি লিগ বাঙালি মুসলমানদের ক্রমবর্ধমান ভারত ও হিন্দু-বিদ্বেষী মনোভাবকে উপলব্ধি করে এমন কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করল যে ‘স্বাধীন বাংলাদেশ’ সম্পর্কে হিন্দুদের মোহভঙ্গ হয়ে গেল। যেমন, যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা, ‘শত্রু সম্পত্তি’ আইন নাম পরিবর্তনের মাধ্যমে বহাল রাখা, পাকিস্তান বাহিনী কর্তৃক ধ্বংসকৃত হিন্দুদের মঠ মন্দির পুনর্নির্মাণ করতে না দেওয়া, ভাষানীর নেতৃত্বে কট্টর ভারতবিরোধী চিন ও পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক শক্তিকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দ্রুত স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তিকে সংহত করা সহ অনেকগুলি সংবিধানবিরোধী সাম্প্রদায়িক সিদ্ধান্তগ্রহণ । দ্রুত পাকিস্তানি ভাবাদর্শ ও ভারতবিরোধী অপপ্রচারে বাংলাদেশি সমাজকে রূপান্তর ঘটাতে বেশী সময় নিতে হল না কারণ, সমাজের অভ্যন্তরে নিহিত প্রচণ্ড ভারত বিদ্বেষী মনোভাব মুজিব হত্যার সাথে সাথে সমাজকে গ্রাস করে ফেলল। মাত্র কয়েক বছরের মধ্যেই আদর্শ ও দৃষ্টিভঙ্গিতে বাঙালি মুসলমান ও পাকিস্তানি মুসলমানদের মধ্যে আর কোন ফারাক রইল না। বর্তমান বাংলাদেশে সরকারিভাবেই স্কুল পঠন পাঠনে ইসলামিকরণ করা হয়েছে। সমাজ ব্যবস্থাকে ইসলামিকরণের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাত্র পঞ্চান্ন বছরের মধ্যেই বাঙালি মুসলমানের স্বপ্নের ইসলামিক বাংলাদেশ এর বাস্তবতায় যারা উৎফুল্ল হয়ে পড়েছে তাদের দোষ দেওয়া যায় না।
বাংলাদেশ আমেরিকা চুক্তি নিয়ে যেসব তথ্য সামনে আসছে বা ‘গোপনীয় চুক্তি’ হিসেবে যা আখ্যায়িত হচ্ছে – যার দায় মহম্মদ ইউনুসের উপর বর্তাচ্ছে, প্রধানতঃ ইউনুসের উদ্যোগেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে বাংলাদেশের অনেকেই ‘গোলামী’ চুক্তি হিসেবে আখ্যায়িত করছে। সাধারণ মানুষ যে এটা বুঝতে পারছে না – একেবারে তা নয়। বলা হচ্ছে, এটা দেশ বিক্রির সামিল। তবু সাধারণ মানুষ মহম্মদ ইউনুসের উপর ক্ষিপ্ত নয় কেন ? ইউনুস এবং ইন্টেরিম সরকারের উপর মানুষ ‘গোলামী’ চুক্তির অভিযোগ আনছে না কেন? যারা ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সমস্ত শিকড় উৎপাটনের লক্ষ্যে গত দুই বছরে সকল স্মৃতিস্মারক ধ্বংস করে দেশকে পাকিস্তানিকরণের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা যে দেশের একটা বড় অংশের মানুষের সমর্থনে টিকে আছে, একথা অস্বীকার করার পিছনে বাস্তবতা নাই।
আমাদের বুঝতে হবে যে, ইন্দিরা-মুজিব ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি মুজিব হত্যার পর ‘গোলামি চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে ভারত বিরোধী রাজনীতি ও প্রোপাগাণ্ডা কম হয়নি। জেনারেল এরশাদের উৎখাতের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি’র অন্যতম প্রধান ইস্যুই ছিল ২৫ বছরের গোলামি চুক্তি; তখন ডাঃ বদরুদ্দোজা চৌধুরী (প্রেসিডেন্ট) এবং খালেদা জিয়া এই চুক্তির বিরুদ্ধে এতই সোচ্চার ছিলেন যে, বিএনপি-জামাত জোট বিপুল ভোটে জয়ী হয়। কিন্তু আওয়ামি লিগ নির্বাচনী প্রচারে ‘গোলামি চুক্তি’র প্রোপাগাণ্ডার বিরুদ্ধে কেন দাঁড়াতে পারল না? কারণ, ‘ভারত-বাংলাদেশ চুক্তি’তে দুই দেশের স্বার্থ যতই সুরক্ষিত থাক না কেন, বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করত না। বিএনপি ক্ষমতায় এসে তো সে চুক্তি বাতিল করে নাই। বরঞ্চ বহাল রেখেছে।
বর্তমান বাংলাদেশের মানুষের কাছে ‘দেশ বিক্রি’ কোন ইস্যু নয়। তারা পাকিস্তানিকরণ চায়, এমনকি পাকিস্তানের সঙ্গে মিশে যেতে পারলে আরও ভাল। ইউনুস মার্কিনীদের কাছে দাসখত লিখে দিলেও, বাংলাদেশে অর্থনীতি ও দৈনন্দিন জীবন যাত্রার বেহাল দশায় জনগণ দুর্ভিক্ষের কবলে পড়লেও, মুসলমানদের রক্তে মজ্জায় যে হিন্দু ও ভারত বিদ্বেষ পাকাপাকিভাবে গেড়ে বসেছে—তা নিরসন কখনও সম্ভব হবে না। যার গোড়াপত্তন হয়েছিল গত শতাব্দীর চল্লিশের দশকে দ্বিজাতিতত্ত্বের মাধ্যমে। আজ বাংলাদেশে আওয়াজ উঠছে, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় – অস্ত্র দিয়ে পারবেন না, লোকবল দিয়ে পারবেন না, সম্পদ দিয়ে পারবেন না, আন্তর্জাতিক রাজনীতি দিয়ে পারবেন না – ধর্মীয় চেতনা দিয়ে মোকাবিলা করতে হবে। ১৮ কোটি মানুষ যদি ৩৬ কোটি হাত উচু করে ইসলামের আওয়াজ তোলে, তবেই আপনারা ভারতকে মোকাবিলা করতে পারবেন।
বাংলাদেশি মুসলমান জনতাকে দ্রুত উগ্র ইসলামের নিগড়ে বেঁধে ফেলার চেষ্টা হচ্ছে – যাতে ভারতকে চিরশত্রুতে পরিণত করা যায়।
আমেরিকা ১৯৭১ সালে পাকিস্তানের বন্ধু ছিল, এখনও বন্ধু। আর, পাকিস্তান যার বন্ধু, বর্তমান বাংলাদেশের মুসলমানরা তাকে শত্রু ভাববে কেন? ইউনুস তো এটা ভাল করেই জানতেন। মোহাম্মদ ইউনুসের ১৭ মাস এবং তারেক জিয়ার ছয় মাস – বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে একটা সার্বিক প্রবণতা অব্যাহত রাখার নিরন্তর চেষ্টা রয়েছে – তা হলঃ শাসকবর্গ চায় দু’একটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গাঁটছড়া বাঁধতে হবে—যারা ভারতের বন্ধু নয়, শত্রুভাবাপন্ন বা দীর্ঘদিনের শত্রু। এতে কোন ঢাক-ঢাক গুড়-গুড় নেই। দ্বিতীয়ত, সমাজে ভারত-বিদ্বেষী তথা হিন্দু বিদ্বেষী শক্তিকে সংহতকরণ, এবং হিন্দু নিশ্চিহ্নকরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করে তোলা – এ বিষয়ে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত রাখা। লক্ষ্য হচ্ছে, হিন্দু জনসংখ্যাকে দ্রুত অকিঞ্চিৎকর করে ফেলা। এতে দুটো উদ্দেশ্য সিদ্ধ হবে। এক, বাংলাদেশকে কট্টর ইসলামি রাষ্ট্রে পরিণত করতে আর কোন বাধা থাকবে না। দুই, হিন্দু মালিকানাধীন স্থাবর সম্পত্তি সহজেই মুসলমানদের মালিকানাধীন হয়ে যাবে। যা পাকিস্তান কায়েমের মূল উদ্দেশ্য ছিল।
পাকিস্তান এবং বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীগণ কখনও পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে হিন্দুদের স্থায়ী বসবাস চায়নি, ফলে, বৈষম্যমূলক আইন ও সাম্প্রদায়িক অত্যাচারের বিরুদ্ধে তাদের কোন সক্রিয় কণ্ঠস্বর কখনও শোনা যায়নি।